ভোর থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
ভোরের কুয়াশা কাটতে না কাটতেই রাজধানীর ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। হাতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে হাজির হন অনেক ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এই আয়োজন ঘিরে রাজধানীজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টার পর থেকেই রাজধানীর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, ভোট গ্রহণ শুরুর আগেই ভোটাররা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। কেন্দ্রের ভেতরে নির্বাচনী কর্মকর্তারা ব্যালট বক্স সিলগালাসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন। জাতীয় পরিচয়পত্র যাচাই শেষে ভোটারদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
এই কেন্দ্রে ভোট দিতে আসা হাসান নামের এক ভোটার বলেন, ‘চমৎকার উৎসবমুখর পরিবেশে ভোট দিতে এসেছি। অনেক ভালো লাগছে।’
আরও পড়ুন: প্রাথমিক ও গণশিক্ষা সচিব হলেন মিজ জেসমিন নাহার
নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঢাকায় ডিএমপির ২৬ হাজার ৫১৫ জন সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াত, কে-৯ ইউনিট ও ক্রাইম সিন ভ্যান স্ট্রাইকিং ফোর্স হিসেবে সার্বক্ষণিক টহলে রয়েছে।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় মোট ৯ লাখ ১৯ হাজার ৩৫০ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে সেনাবাহিনীর ১ লাখ ৩ হাজার সদস্য ছাড়াও নৌবাহিনী, বিমানবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা মাঠে কাজ করছেন।
এ ছাড়া নির্বাচনী অপরাধের তাৎক্ষণিক বিচার নিশ্চিত করতে ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট ও ১ হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি উপস্থিতিও উল্লেখযোগ্য। নির্বাচন কমিশনের আমন্ত্রণে ও স্বেচ্ছায় আসা ৩৩৫ জন বিদেশি পর্যবেক্ষক এবং ১৫৬ জন বিদেশি সাংবাদিক ভোট পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি দেশীয় ৮০টি সংস্থার প্রায় ৪৫ হাজার পর্যবেক্ষকও নির্বাচনে নজরদারিতে রয়েছেন।





