আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, অন্যান্য যান চলবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যানবাহন চলাচলের ওপর আরোপিত নিষেধাজ্ঞার অংশ হিসেবে আজ (১৩ ফেব্রুয়ারি) সারাদেশে মোটরসাইকেল চলাচল বন্ধ রয়েছে। তবে মোটরসাইকেল ছাড়া অন্যান্য সব ধরনের যানবাহন চলাচল করতে পারবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ–এর জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সংস্থাপন শাখার উপসচিব আল-আমিন মো. নুরুল ইসলাম।
আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
একই সঙ্গে ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমোদিত পর্যবেক্ষকদের যানবাহন; জরুরি সেবায় নিয়োজিত পরিবহন; ওষুধ ও চিকিৎসাসামগ্রী পরিবহন; সংবাদপত্র বহনকারী যানবাহন এবং বৈধ টিকিট প্রদর্শন সাপেক্ষে বিমানবন্দরে যাতায়াতকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচনী এজেন্টের নির্দিষ্ট যানবাহন, সাংবাদিক ও পর্যবেক্ষকদের যানবাহন, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল এবং টেলিযোগাযোগ সেবায় ব্যবহৃত যানবাহন বাংলাদেশ নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে।
টেলিযোগাযোগ সেবা নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং এর লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনকেও নিষেধাজ্ঞা থেকে শিথিল রাখা হয়েছে।
এ ছাড়া প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ বা শিথিলের ক্ষমতা দেওয়া হয়েছে।





