দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব শনিবার সকালে দেশ ছেড়েছেন।
বিমানবন্দর সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে তিনি Emirates-এর ফ্লাইট ইকে-৫৮৩-এ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানির উদ্দেশে রওনা দেন। তার সফরের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল
সংশ্লিষ্ট সূত্র বলছে, ফয়েজ আহমদ নেদারল্যান্ডসের নাগরিক এবং দেশটির বহুজাতিক টেলিকম প্রতিষ্ঠান VodafoneZiggo-তে সিনিয়র সফটওয়্যার সলিউশন আর্কিটেক্ট হিসেবে কর্মরত।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ালে মন্ত্রণালয়টি শূন্য হয়। পরবর্তী সময়ে ওই বছরের ৫ মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ফয়েজ আহমদকে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে নীতি-সংস্কার ও সমন্বয় বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা পৌঁছাল তিন রাজনৈতিক নেতার কাছে
তার আকস্মিক দেশত্যাগকে ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে দেশি-বিদেশি নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।





