শহিদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে কঠোর নিরাপত্তা: র‍্যাব ডিজি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:২০ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার-এ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

আরও পড়ুন: দায়িত্বে অবহেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা বরখাস্ত

ইনার ও আউটার পেরিমিটার নিরাপত্তা

র‍্যাব ডিজি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কেন্দ্রীয়ভাবে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। শহীদ মিনার এলাকায় ইনার পেরিমিটার ও আউটার পেরিমিটার নির্ধারণ করে সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: নিজেই ড্রাইভ করে ঢাকার বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী

পুরো এলাকাকে কয়েকটি সেক্টরে ভাগ করে প্রতিটি সেক্টরে ফুট পেট্রোল, গাড়ি টহল ও স্ট্রাইকিং রিজার্ভ রাখা হবে বলেও জানান তিনি।

বোম্ব ডিসপোজাল ও সিসিটিভি নজরদারি

নিরাপত্তা জোরদারে বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্য মোতায়ন থাকবে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তিন শতাধিক র‍্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুরো এলাকা সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও সারাদেশের বিভিন্ন শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের স্থানগুলোতেও পর্যাপ্ত নিরাপত্তা থাকবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য

এ কে এম শহিদুর রহমান বলেন, অতীতে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী সফল হয়েছে এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে।

দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ মানুষকে জিম্মি করা কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করার কোনো সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।