নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সরেজমিনে রাস্তায় নামলেন নতুন আইজিপি
মাত্র দুই দিন আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করা মো. আলী হোসেন ফকির নগরবাসীর নিরাপত্তা সরেজমিনে পরিদর্শনে বের হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, “নগরবাসীর নিরাপত্তায় আমি নিজেই রাস্তায় নেমেছি। অপরাধী যেই হোক, তাদের কঠোর হস্তে দমন করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”
আইজিপি জানান, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারিদের তৎপরতার কারণে সাধারণ মানুষ ভীতির মধ্যে আছেন। তাই তিনি সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণে নামেন। তিনি আরও জানান, সন্ধ্যার পর বিশেষ ব্লক রেইড পরিচালনা করে ছিনতাইকারী ও মাদক সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার কার্যক্রম চলেছে।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে দেশে ১০ বার ভূমিকম্পে চারদিকে আতঙ্ক
নিজের বিশ্ববিদ্যালয় জীবনের এক অভিজ্ঞতা শেয়ার করে আইজিপি বলেন, জেনেভা ক্যাম্প এলাকায় তিনি নিজেও ছিনতাইয়ের শিকার হন। সেই অভিজ্ঞতা থেকে তিনি মোহাম্মদপুরকে দীর্ঘদিন ধরেই অপরাধপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করেছেন। তিনি আরও বলেন, রাজধানীতে ফুটপাত দখল ও সড়ক দখলের কারণে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে, যা অর্থনীতি ও বিনিয়োগকে প্রভাবিত করতে পারে।
আইজিপি বলেন, “দেশে প্রায় ২০ কোটি মানুষের বিপরীতে পুলিশ সদস্য সংখ্যা মাত্র ২ লাখ ২০ হাজার। ঢাকায় ৪ কোটি মানুষের বসবাস, তাই নাগরিকদের স্বস্তি নিশ্চিত করতে সবাইকে আইন মেনে চলার আহবান জানাই।” তিনি ট্রাফিক বিভাগ পুনর্গঠনের কথাও উল্লেখ করেন।
আরও পড়ুন: দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বাড়ানোর প্রয়োজন: অর্থমন্ত্রী
আসন্ন ঈদুল ফিতরের জন্য ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিজেও রাতের টহলে থাকবেন। আইজিপি আরও বলেন, মানবাধিকার লঙ্ঘন না করে প্রচলিত আইনের মধ্যেই শক্তি প্রয়োগ করা হবে এবং কার্যকর পুলিশিংয়ের জন্য বাহিনীর মানসিকতা পরিবর্তন জরুরি।
পরিদর্শনে ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার এবং তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





