‘সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি’
সংসদের বিদ্যমান খারাপ রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে কাজ করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নতুন সংসদ সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন এবং সেই লক্ষ্যেই তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
তিনি বলেন, এবারের সংসদ হবে জনকল্যাণমুখী এবং সবার কাছে গ্রহণযোগ্য সংসদ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশনকে সামনে রেখে বিএনপির দলীয় সংসদ সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার দ্বিতীয় দিনের কার্যক্রম শনিবার অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় রাজধানীর গুলশান এলাকায় বিএনপি চেয়ারম্যানের দলীয় কার্যালয়ে এ কর্মশালা শুরু হয়।
আরও পড়ুন: ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি
কর্মশালার এ পর্বে ঢাকা জেলা, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের অধিবেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম বিভাগের এমপিরা অংশ নেন। এতে অভিজ্ঞ সংসদ সদস্যরা তাদের সংসদীয় অভিজ্ঞতা নবনির্বাচিত সদস্যদের সঙ্গে ভাগাভাগি করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মশালায় সংসদের কার্যপ্রণালি, আচরণবিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় বিধিবিধান নবনির্বাচিত সংসদ সদস্যদের সামনে উপস্থাপন করা হচ্ছে।





