পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:০৮ পূর্বাহ্ন, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ১১:০৮ পূর্বাহ্ন, ১৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকার দেশের পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। গাজীপুর, পঞ্চগড়, কুষ্টিয়া, নেত্রকোনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে বিএনপি সরকার গঠনের পর গত ১ মার্চ এসব জেলার দায়িত্বে থাকা জেলা প্রশাসকদের প্রত্যাহার করা হয়। প্রত্যাহার করা উপসচিব পদমর্যাদার ডিসিদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ

প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে বদলি করে সংশ্লিষ্ট জেলাগুলোতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

নতুন নিয়োগ অনুযায়ী—স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নুরুল করিম ভূঁইয়াকে গাজীপুর জেলার জেলা প্রশাসক করা হয়েছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক আবু ছালেহ মো. মুসা জঙ্গীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভীনকে পঞ্চগড়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসানকে কুষ্টিয়া এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. মুশফিকুর রহমানকে নেত্রকোনা জেলার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।