গুম, খুন ও জুলাই শহীদ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’ বিতরণ শুরু
গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবার এবং জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের জন্য ‘ঈদ উপহার’ পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার (১৮ মার্চ ২০২৬), ২৭ রমজান থেকে দেশের প্রতিটি জেলায় এসব পরিবারের কাছে ঈদ উপহারের অর্থ পৌঁছে দেওয়া শুরু হয়েছে।
আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রতি বছরই গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোকে ঈদ উপলক্ষে সহায়তা দেওয়া হয়। গত ২০২৫ সাল থেকে জুলাই আন্দোলনে শহীদ পরিবারগুলোকেও এই উদ্যোগের আওতায় আনা হয়েছে। তিনি আরও জানান, নতুন সরকারের বিভিন্ন ব্যস্ততার কারণে এবারের বিতরণে কিছুটা বিলম্ব হলেও সংশ্লিষ্ট পরিবারগুলোকে সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলমান রয়েছে।
প্রসঙ্গত, ২০১৬ সাল থেকে রমজান মাসে নির্যাতিত পরিবারগুলোর মাঝে এই ‘ঈদ উপহার’ প্রদান করে আসছেন তারেক রহমান। চলতি বছরে প্রায় ১৯০০ পরিবার এই সহায়তা পাচ্ছে বলে জানা গেছে।
আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
এ বিষয়ে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জানান, প্রাথমিকভাবে পরিবারগুলোর ব্যাংক হিসাব সংগ্রহের উদ্যোগ নেওয়া হলেও সময় স্বল্পতার কারণে তা পুরোপুরি সম্ভব হয়নি। তবে দল ও এর অঙ্গসংগঠনের সমন্বয়ে দ্রুততার সঙ্গে প্রতিটি জেলায় সহায়তার অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে।





