পবিত্র ঈদুল ফিতরে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেছেন, ঈদের এই মহিমান্বিত উৎসব জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও সহমর্মিতার বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান।
আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
বাণীতে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব, যা এক মাসব্যাপী সিয়াম সাধনা ও আত্মসংযমের পর আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। রমজান মাস মানুষকে ত্যাগ, সংযম, খেদমত ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়, যা ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক।
প্রধানমন্ত্রী আরও বলেন, রমজানের শিক্ষা আমাদেরকে অন্যের কষ্ট উপলব্ধি করতে এবং সহমর্মিতা ও সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে উদ্বুদ্ধ করে। ঈদুল ফিতর সেই শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ, যেখানে ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: প্রাথমিক ও গণশিক্ষা সচিব হলেন মিজ জেসমিন নাহার
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, ঈদের আনন্দ যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গেও ভাগাভাগি করা হয়। এতে সমাজে মানবিকতা, সহানুভূতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও দৃঢ় হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাণীতে আরও বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের জাতীয় ঐক্যকে শক্তিশালী করুক এবং একটি মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা জোগাক।”
সবশেষে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন ঈদের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে নাজিল হয় এবং দেশ ও জাতি শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে যায়।





