প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের ঈদ শুভেচ্ছা বিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (২১ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর ১২টার দিকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জোবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান–এর স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের তথ্যমতে, সাক্ষাৎকালে তারা একে অপরের খোঁজ-খবর নেন, অনানুষ্ঠানিক আলাপচারিতায় অংশ নেন এবং একসঙ্গে ছবি তোলেন। এ সময় জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারাকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
ঈদের এই পবিত্র মুহূর্তে দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন উভয় পক্ষ। পাশাপাশি জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ শেষে তিনি সরাসরি যমুনায় ফিরে আসেন।
সকাল থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়ে মূল ফটক খুলে দেওয়া হলে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আসা মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনস্রোতে পরিণত হয়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। পরিবারের সদস্যদের নিয়ে তিনি আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ঈদের শুভেচ্ছা জানান।





