জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে ডিজেল ও এলএনজি কিনছে সরকার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:১০ পূর্বাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:১০ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাবজনিত জ্বালানি সংকট মোকাবিলায় জরুরি ভিত্তিতে এক লাখ টন ডিজেল এবং দুই কার্গো এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শনিবার (৪ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: নিয়ন্ত্রণে চকবাজারের আগুন, সরু গলি ও তারের জটে আগুন নেভাতে বেগ

বৈঠক সূত্রে জানা গেছে, এক লাখ টন ডিজেল আমদানিতে প্রায় ৬৮৯ কোটি টাকার বেশি ব্যয় হবে। কাজাখস্তানভিত্তিক জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান ‘কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি’ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫০ পিপিএম সালফারমানের ডিজেল আমদানির নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৫৯ লাখ ৯৪ হাজার ৭৬০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮৯ কোটি ২৯ লাখ টাকার বেশি।

অন্যদিকে, সিঙ্গাপুরভিত্তিক ‘আরামকো ট্রেডিং সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড’ থেকে দুই কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য ১৯ ডলারের কিছু বেশি নির্ধারণ করা হয়েছে। এতে দুই কার্গো এলএনজি আমদানিতে মোট ব্যয় হতে পারে প্রায় ১ হাজার ৫৬০ কোটি টাকা।

আরও পড়ুন: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট বন্ধ

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, জ্বালানির আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় এই ব্যয় কিছুটা কমবেশি হতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুত এ আমদানি কার্যক্রম সম্পন্ন করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সরকারের সংশ্লিষ্ট মহল মনে করছে, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি চাপ মোকাবিলায় এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।