দ্রুত জাতীয় কাউন্সিলের প্রস্তুতি নিচ্ছে বিএনপি: মির্জা ফখরুল

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৩ পূর্বাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৪৩ পূর্বাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় কাউন্সিলকে সামনে রেখে সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার রাতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

আরও পড়ুন: ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রোটেস্ট্যান্ট চার্চ নেতাদের শুভেচ্ছা বিনিময়

তিনি বলেন, “আমাদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড আরও বিস্তৃত করে কীভাবে দ্রুত কাউন্সিলের দিকে যাওয়া যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।”

তিনি আরও বলেন, “খুব দ্রুতই আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব।”

আরও পড়ুন: দেশে তিন মাসের পেট্রোল-অকটেন মজুত আছে: প্রতিমন্ত্রী

কাউন্সিলের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এ জন্য অন্তত কয়েক মাস সময় লাগবে, এরপর নির্ধারণ করা হবে চূড়ান্ত সময়সূচি।

বিএনপির সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৯ মার্চ।

শনিবার রাত ৮টা ৪০ মিনিটে শুরু হওয়া এই বৈঠকটি আড়াই ঘণ্টা ধরে চলে। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও জাতীয় কাউন্সিল আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকারের ৪৭ দিনের কর্মসূচি নিয়েও স্থায়ী কমিটির সদস্যরা মতামত দিয়েছেন এবং বিভিন্ন পরামর্শ তুলে ধরেছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। এছাড়া ভার্চুয়ালি যুক্ত ছিলেন নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান।

উল্লেখ্য, এর আগে গত ৯ জানুয়ারি একই স্থানে দলের স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।