লালবাগের হত্যাচেষ্টা মামলায় জামিন, সন্ধ্যায় কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন
রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় জামিন পাওয়ার পর কারামুক্ত হয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। রোববার সন্ধ্যায় তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের জামিন আদেশের নথি কারাগারে পৌঁছানোর পর বিধি অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়।
আরও পড়ুন: দায়িত্বে অবহেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকা সিটির দুই আঞ্চলিক কর্মকর্তা বরখাস্ত
এর আগে একই দিন দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
গত ৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডির ৮/এ সড়কের বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: নিজেই ড্রাইভ করে ঢাকার বর্জ্য অপসারণ কার্যক্রম দেখলেন প্রধানমন্ত্রী
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই আজিমপুর বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে সংঘটিত এক হামলার ঘটনায় একজন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পরবর্তীতে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়, যেখানে একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
শিরীন শারমিন চৌধুরী ২০০৯ সালে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০১৩ সালে তিনি বাংলাদেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং টানা তিন মেয়াদে ওই দায়িত্ব পালন করেন।





