হামের প্রাদুর্ভাব আগামী কয়েক দিনের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:৪৭ অপরাহ্ন, ১২ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সরকার জরুরি পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করছে সরকার।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর কড়াইল বস্তির এরশাদ মাঠে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

প্রতিমন্ত্রী জানান, বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণের মাধ্যমে দেশের ১৮টি জেলার ৩০টি ঝুঁকিপূর্ণ উপজেলা শনাক্ত করা হয়েছে। এসব এলাকায় গত ৫ এপ্রিল থেকেই জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

তিনি বলেন, পর্যায়ক্রমে বড় সিটি কর্পোরেশনগুলোতে টিকাদান কার্যক্রম চালু করা হয়েছে এবং আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে এই কর্মসূচি শুরু হবে।

আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

প্রতিমন্ত্রী আরও বলেন, ৬ মাস থেকে পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে টিকার আওতায় আনতে হবে। এতে ‘হার্ড ইমিউনিটি’ তৈরি হবে এবং হামের বিস্তার রোধ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে শফিকুল ইসলাম মিল্টন বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিজস্ব একটি পূর্ণাঙ্গ জেনারেল হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে, যাতে নগরবাসী সহজে স্বাস্থ্যসেবা পেতে পারে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই অভিভাবকদের সচেতন হয়ে শিশুদের টিকাদানের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।