ঢাকা-সিলেট রুটে ডাবল রেললাইন চালু হবে: প্রধানমন্ত্রী
সিলেটের সার্বিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ঢাকা- সিলেট মহাসড়কসহ এই অঞ্চলের সড়ক ও অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে ট্রেন যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে ঢাকা-সিলেট রেলপথে ডাবল লাইন চালু করা হবে।
সিলেটে আর কোনো জলাবদ্ধতা থাকবে না এবং এই সংকট নিরসনে গৃহীত সুরমা নদীর মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
আরও পড়ুন: সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন নিমার্ণ প্রকল্প
শনিবার (২ মে) দুপুরে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
সিলেট নগরীর উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সুরমা নদীর পাড়ে আজ যে প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো, এটি বাস্তবায়িত হলে সিলেটে আর জলাবদ্ধতা থাকবে না বলে আমি বিশ্বাস করি। নগরবাসীকে বন্যা ও জলজট থেকে মুক্তি দিতে এই প্রকল্প কার্যকর ভূমিকা রাখবে।
আরও পড়ুন: ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
এছাড়া সিলেটের কৃষি ও পরিবেশ রক্ষায় খাল খনন কর্মসূচী এবং সাধারণ মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থার মানোন্নয়নে সরকার কাজ করছে।
এর আগে সকালে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং সুরমা নদীর তীরে বন্যা প্রতিরোধী ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এরপর প্রধানমন্ত্রী সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী পুনঃখননের উদ্বোধন করবেন।বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করবেন। বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেবেন। দিনের সফর শেষে সন্ধ্যা ৭টায় বিমানে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।





