শাপলা চত্বর হত্যা: ৩২ জন নিহতের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত সহিংসতার ঘটনায় ৩২ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা—এমন তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার (৩ মে) সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ঘটনাটি নিয়ে দীর্ঘদিন ধরে তদন্ত চলছে এবং ইতোমধ্যে প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। চলতি মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর
চিফ প্রসিকিউটর জানান, এ ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ মোট ২০ থেকে ২৫ জনকে আসামি করা হতে পারে। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে সব নাম প্রকাশ করা হচ্ছে না।
মামলার প্রাথমিক আসামিদের তালিকায় শেখ হাসিনাসহ মোট ৯ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে চারজন ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন—সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান এবং পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম।
আরও পড়ুন: চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান
অন্যদিকে, শেখ হাসিনা ছাড়া আরও কয়েকজন আসামি পলাতক রয়েছেন বলে জানানো হয়। তাদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, পুলিশের সাবেক মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার এবং সাবেক আইজিপি বেনজীর আহমেদ।
তদন্ত সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে মামলাটি মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচারাধীন রয়েছে এবং তদন্ত শেষ হলে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে।





