‘জনগণের নিরাপত্তায় সর্বোচ্চ চেষ্টা করবে পুলিশ, এটাই সরকারের প্রত্যাশা’

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ন, ১০ মে ২০২৬ | আপডেট: ১০:৫৩ পূর্বাহ্ন, ১০ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী ও তারেক রহমান বলেছেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে তাদের সর্বোচ্চ সামর্থ্য ও দক্ষতা দিয়ে দায়িত্ব পালন করতে হবে। এটাই সরকারের প্রত্যাশা।

রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বার্ষিক প্যারেড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বেবিচকের উপ-পরিচালক মো. ওয়াদিদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বর্তমান সরকার জনগণের ভোটে ক্ষমতায় এসেছে। তিনি দাবি করেন, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষ এখন শান্তি ও নিরাপত্তা প্রত্যাশা করছে।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। তাই পুলিশ সদস্যদের সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমান আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তি পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

পুলিশের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব।

তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অবদানের কথাও তুলে ধরেন। তার মতে, বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা ও আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সুনামের সঙ্গে কাজ করছে। নারী পুলিশ সদস্যদের অবদানও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে বলে জানান তিনি।

দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালে রাজারবাগ পুলিশ লাইন্সে নিহত শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করেন তিনি। এ সময় বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

এর আগে প্রধানমন্ত্রী খোলা জিপে করে পুলিশের বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণের মাধ্যমে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করেন।

এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ”। আগামী ১৩ মে পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ আয়োজন চলবে।

বার্ষিক প্যারেডে পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর বিভিন্ন কন্টিনজেন্ট অংশ নেয়। এবারের প্যারেডে নেতৃত্ব দেন হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।