২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ৩১ ডিসেম্বর

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ন, ১৪ মে ২০২৬ | আপডেট: ১২:৪১ অপরাহ্ন, ১৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু করে ৭ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার প্রাথমিক পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বুধবার (১৪ মে) শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা-সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে এ প্রস্তাবিত সময়সূচি নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দর ইউনিট কল্যাণ কমিটির নতুন নেতৃত্ব নির্বাচিত

সূত্র জানায়, শিক্ষার্থীদের জানুয়ারিতে পরীক্ষা আয়োজনের দাবির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের ডিসেম্বর থেকে পরীক্ষা শুরুর ঘোষণার সমন্বয় করতেই নতুন সময়সূচি প্রস্তাব করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ৩১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে পুরো জানুয়ারিজুড়ে লিখিত পরীক্ষা চলবে।

প্রাথমিক খসড়ায় বলা হয়েছে, ৩১ জানুয়ারির মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করা হবে। এরপর ১ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

এছাড়া সম্ভাব্য রমজান মাসের ছুটি শুরুর আগেই পরীক্ষা শেষ করার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আগামী এক-দু’দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। তিনি বলেন, “শিক্ষামন্ত্রী ডিসেম্বরের শেষ দিকে এসএসসি পরীক্ষা শুরুর নির্দেশনা দিয়েছেন। শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে ৩১ ডিসেম্বর থেকে শুরু করে ৭ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার একটি পূর্ণাঙ্গ খসড়া রুটিন প্রস্তুত করা হচ্ছে।”

ওই কর্মকর্তা আরও জানান, ২০২৭ সালের এসএসসিতে প্রথমবারের মতো সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি আরও আগেভাগে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই শেষ করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে।