বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে সংযুক্ত আরব আমিরাত
চলতি বছরে বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক একটি দুবাই ট্যাক্সি কোম্পানি। রোববার (১৭ মে) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কোম্পানির প্রতিনিধিদল এ তথ্য জানায়।
প্রতিনিধিদল জানায়, বর্তমানে বিশ্বের ২৭টি দেশের প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। দক্ষতা, পরিশ্রম ও পেশাদারিত্বের কারণে বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় বলেও তারা উল্লেখ করেন।
আরও পড়ুন: মোসলেহ উদ্দিন আহমদকে ডিএমপি কমিশনার নিয়োগ করে প্রজ্ঞাপন জারি
প্রতিনিধিরা আরও জানান, দুবাই বিমানবন্দরেও বাংলাদেশি নারী কর্মীরা সফলভাবে ড্রাইভিং পেশায় কাজ করছেন। আগামী সোমবার (১৮ মে) থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকারের মাধ্যমে নতুন ড্রাইভার বাছাই কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে ১ হাজার ৫০০ চালক নিয়োগের মাধ্যমে ধাপে ধাপে মোট ৬ হাজার বাংলাদেশি ড্রাইভার নিয়োগ দেওয়া হবে।
এ সময় মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ভবিষ্যতেও বাংলাদেশি কর্মীদের জন্য সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে সরকার আশাবাদী। পুরো নিয়োগ প্রক্রিয়ায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন: অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি আবদুল কাইয়ুম, মহাসচিব লুৎফর রহমান
মন্ত্রী প্রতিষ্ঠানটির প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুবাইয়ে যাওয়ার পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতার ব্যবস্থা করা উচিত। একই সঙ্গে বাংলাদেশ থেকে ডাক্তার, নার্সসহ বিভিন্ন পেশার দক্ষ কর্মী নিয়োগেরও অনুরোধ জানান তিনি।
সভায় উপস্থিত প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, বর্তমানে একজন বাংলাদেশি ড্রাইভারের দুবাই যেতে অনেক অর্থ ব্যয় হয়। অধিকাংশ শ্রমজীবী কর্মীকে ঋণ নিয়ে বিদেশে যেতে হয়। তাই অভিবাসন ব্যয় কমিয়ে এক লাখ টাকার মধ্যে রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।





