ধর্ষণ ও শিশু নির্যাতন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়: মির্জা ফখরুল
সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যার ঘটনাগুলোকে বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এসব ঘটনা দীর্ঘদিন ধরে চলমান নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের অবনতির ভয়াবহ প্রতিফলন।
বৃহস্পতিবার (২১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি
পোস্টে তিনি লেখেন, এই ধরনের অমানবিক অপরাধের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে হবে, যেখানে শিশুরা ভয়মুক্ত পরিবেশে বেড়ে উঠতে পারবে।
তিনি আরও উল্লেখ করেন, শুধু আইন প্রয়োগ বা সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; প্রয়োজন একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম ও সামাজিক সংগঠনসহ প্রতিটি নাগরিককে এ দায়িত্ব নিতে হবে।
আরও পড়ুন: রাষ্ট্রীয় দায়িত্বে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
মির্জা ফখরুল বলেন, নতুন প্রজন্মকে মানবিকতা, সম্মানবোধ, দায়িত্বশীলতা এবং নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষিত করতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই দেশের ভবিষ্যৎ নিরাপদ করার মূল ভিত্তি।
সবশেষে তিনি আহ্বান জানিয়ে বলেন, এই পরিবর্তনের সংগ্রামে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।





