কন্যাসন্তানের নিরাপত্তায় শটগান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাবার আবেদন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৩৬ অপরাহ্ন, ২৫ মে ২০২৬ | আপডেট: ১:৩৬ অপরাহ্ন, ২৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বরগুনার এক ব্যক্তি তার চার বছর বয়সী কন্যাসন্তানের নিরাপত্তার স্বার্থে শটগান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন। আবেদনপত্রে তিনি লিখেছেন, “সন্তান আমার, রাষ্ট্রের নয়”—এই বক্তব্যকে কেন্দ্র করে বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বরাবর এই আবেদন করেন মাসুদুল ইসলাম নামে ওই ব্যক্তি। তিনি বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ডালাচারা গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

আবেদনে মাসুদুল ইসলাম দেশে শিশুদের প্রতি সহিংসতা, নির্যাতন ও নিরাপত্তাহীনতার বিভিন্ন ঘটনা উল্লেখ করে নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি দাবি করেন, সাম্প্রতিক পরিস্থিতি তাকে স্বাভাবিক জীবনযাপনে মানসিকভাবে অস্থির করে তুলেছে।

আবেদনে তিনি আরও উল্লেখ করেন, “বিভিন্ন ঘটনার বিশ্লেষণে দেখলাম সন্তান আমার, রাষ্ট্রের নয়। তাই রাষ্ট্রের কাছে নিরাপত্তা চেয়ে সময় নষ্ট না করে আমি নিজেই আমার সন্তানের নিরাপত্তার দায়িত্ব নিতে চাই।” এ কারণে তিনি বৈধভাবে একটি শটগান বরাদ্দের অনুরোধ জানান।

আরও পড়ুন: ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি

চিঠির শেষে তিনি জননিরাপত্তা বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান এবং প্রয়োজনীয় নথিও সংযুক্ত করেন বলে জানা গেছে।

আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অনেকেই এটিকে একজন বাবার উদ্বেগ ও হতাশার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি অনাস্থার প্রতিফলন বলেও মন্তব্য করছেন।

মানবাধিকারকর্মী আরিফুর রহমান বলেন, এ ধরনের ঘটনা সমাজে নিরাপত্তা ও বিচার ব্যবস্থার প্রতি আস্থাহীনতার ইঙ্গিত দেয়, যা রাষ্ট্রের জন্য সতর্কবার্তা হতে পারে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।