নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫৪ অপরাহ্ন, ৩১ মে ২০২৬ | আপডেট: ৬:৩২ অপরাহ্ন, ৩১ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিনের অপেক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের আলোচনা নতুন করে গতি পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকরের সম্ভাবনা রয়েছে। তবে এটি বাস্তবায়নের আগে সরকারের আনুষ্ঠানিক অনুমোদন ও প্রজ্ঞাপন জারি প্রয়োজন হবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ভাতা ও আর্থিক সুবিধার ক্ষেত্রেও উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব রয়েছে।

আরও পড়ুন: দেশের ৮টি অব্যবহৃত বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছে সরকার

নবম জাতীয় পে-কমিশনের সুপারিশে বর্তমান ২০টি গ্রেড বহাল রাখার কথা বলা হয়েছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, মূল্যস্ফীতি এবং সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের বিষয় বিবেচনায় নিয়ে প্রতিটি গ্রেডের বেতন কাঠামো পুনর্নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন: বিরোধী দলের নামের তালিকা পেলেই সংবিধান সংশোধনে এগোবে সরকার: আইনমন্ত্রী

এছাড়া গ্রেডভিত্তিক বেতন কাঠামোয়ও বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ১৭ হাজার টাকা, ১০ম গ্রেডের বেতন ১৬ হাজার টাকা থেকে ২৪ হাজার টাকা এবং ২০তম গ্রেডের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ১২ হাজার ৩৭৫ টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন পে-স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা কাঠামোয় গত এক দশকের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সরকারি অনুমোদন ও গেজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।