শহীদ জিয়ার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মদর্শন অনুসরণ করে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৩১ মে) বিকেলে শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব, কর্ম ও রাষ্ট্র পরিচালনার দর্শনের কারণে বিদেশেও বাংলাদেশ পরিচিতি লাভ করেছিল। তিনি বলেন, “যে গাছ ফল দেয়, মানুষ সেই গাছেই ঢিল মারে। শহীদ জিয়া যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন, আমরা সেই লক্ষ্য ও আদর্শ অনুসরণ করেই দেশ পরিচালনার চেষ্টা করছি।”
তারেক রহমান বলেন, বিএনপির সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়ে সবাইকে দায়িত্বশীল ও সজাগ থাকতে হবে। অন্যথায় দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নেতিবাচক প্রভাব তৈরি হতে পারে।
আরও পড়ুন: অক্টোবরে নবম পে স্কেলের বেতন, অপেক্ষায় এমপিওভুক্ত শিক্ষকরা
তিনি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে ইশতেহার দিয়েছিল, সরকার গঠনের পর জনগণের দেওয়া রায়ের প্রতিফলন হিসেবে সেই অঙ্গীকারগুলো বাস্তবায়নের দায়িত্ব আমাদের ওপর এসেছে। খাল খনন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিল্পায়নসহ বিভিন্ন খাতে যে পরিকল্পনা ছিল, তা বাস্তবায়নে কাজ চলছে।”
সরকারপ্রধান আরও বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের প্রতিটি খাতের উন্নয়নে যে দিকনির্দেশনা দিয়ে গেছেন, বর্তমান সরকার সেই পথনির্দেশনা অনুসরণ করেই কাজ করছে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সরকারের সফলতা শুধু সরকারের কাজের ওপর নির্ভর করে না; বরং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে একটি সফল সরকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





