প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:২০ অপরাহ্ন, ০৬ জুন ২০২৬ | আপডেট: ৫:২০ অপরাহ্ন, ০৬ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদা শনিবার (৬ জুন) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন: লাইসেন্স বাতিলসহ আদ্-দ্বীন হাসপাতালের দায়ীদের গ্রেফতার যে কোন সময়

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, পারস্পরিক সহযোগিতা এবং দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু গুরুত্ব পায়। উভয় পক্ষ বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও কার্যকর করার বিষয়ে মতবিনিময় করেন।

এর আগে আঞ্চলিক সফরের অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাতে দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান হাকান ফিদান। বাংলাদেশ সফরের আগে তিনি ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া সফর করেন।

আরও পড়ুন: মাটি ও পরিবেশ উপযোগী বৃক্ষরোপণে গুরুত্ব প্রধানমন্ত্রীর

শুক্রবার সকালে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে অনুষ্ঠিত যৌথ সংবাদ সম্মেলনে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংলাপ এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা জানানো হয়।

সফরের অংশ হিসেবে দুই দেশের মধ্যে সংস্কৃতি খাতে সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মসূচি শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান এবং সেখানে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।