আইকাও-এর সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমিতে এভিয়েশন সিকিউরিটি ইন্সপেক্টর কোর্স সম্পন্ন
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO)-এর সহযোগিতায় সিভিল এভিয়েশন একাডেমি, বাংলাদেশে অনুষ্ঠিত ICAO-Capped Aviation Security National Inspector Course সফলভাবে সম্পন্ন হয়েছে।
সাত কর্মদিবসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে দেশি-বিদেশি মোট ১২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন এবং সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করেন। প্রশিক্ষণটিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আইকাও অনুমোদিত ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর।
আরও পড়ুন: আগামীকাল পালিত হবে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস
কোর্সটির মূল উদ্দেশ্য ছিল এভিয়েশন নিরাপত্তা তদারকি কার্যক্রমে দক্ষ ও যোগ্য জাতীয় পরিদর্শক (National Inspector) তৈরি করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি করা।
কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ (বেবিচক)-এর সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মোহাম্মদ আসিফ ইকবাল। তিনি প্রশিক্ষণার্থীদের অভিনন্দন জানিয়ে দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে অর্জিত জ্ঞান ও দক্ষতা কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানান।
আরও পড়ুন: নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ সুবিধা
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী। তিনি কোর্সের সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে দেশের বিমান চলাচল খাতের মানবসম্পদ উন্নয়নে একাডেমির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা জানান, আসন্ন ICAO Security Audit-এর প্রস্তুতির অংশ হিসেবে এ প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে এভিয়েশন সিকিউরিটি ইন্সপেক্টরদের আন্তর্জাতিক মান অনুযায়ী প্রশিক্ষিত ও দক্ষ করে তুলতে কোর্সটি সহায়ক হবে।





