আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের দাবি স্বাস্থ্যমন্ত্রীর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬ | আপডেট: ১:৪৮ পূর্বাহ্ন, ১৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ৮১তম উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি।” তিনি আরও দাবি করেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো অনিয়মের সঙ্গে আপস করা হবে না।

তিনি অভিযোগ করে বলেন, অতীত সরকারের সময় দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার হয়েছে, তবে বর্তমান সরকার জনগণের সেবা নিশ্চিত করতে কাজ করছে।

আরও পড়ুন: সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

আদ্-দ্বীন হাসপাতাল প্রসঙ্গে তিনি আরও বলেন, অনিয়মের অভিযোগের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর পূর্ণ সমর্থন রয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা রয়েছে, যেখানে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দেবেন এবং প্রয়োজন অনুযায়ী রোগীকে হাসপাতালে রেফার করা হবে।

এছাড়া চীনের সহযোগিতায় তিন হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠান শেষে দুই শতাধিক দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন মন্ত্রী।