শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৭ জুন) দুপুরে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
অনুষ্ঠানে ১৫৫ জন ভাতাভোগীর মোবাইল অ্যাকাউন্টে জুন মাসের ভাতার অর্থ পাঠানো হয়। পাশাপাশি কয়েকটি অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অন্যান্য সুবিধাভোগীদের মোবাইল অ্যাকাউন্টেও ভাতার অর্থ স্থানান্তর করা হয়।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে সিলেটে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে শ্রীমঙ্গলে এসে অনুষ্ঠানে অংশ নেন তিনি।
আরও পড়ুন: DfT অডিটে বাংলাদেশের বিমানবন্দর নিরাপত্তায় অগ্রগতি
সফরসূচি অনুযায়ী, কর্মসূচি শেষে তার শ্রীমঙ্গলের দুসাই রিসোর্টে যাওয়ার কথা রয়েছে। সেখানে সংক্ষিপ্ত বিরতির পর একটি রাজনৈতিক সভায় যোগ দেবেন তিনি। সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে মৌলভীবাজার জেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি বিভিন্ন স্থানে বিশেষ নজরদারি রাখা হয়েছে। একই সঙ্গে সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।





