প্রতিমন্ত্রী শাহ আলমের বিরুদ্ধে রিপোর্ট করায় ‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক গ্রেপ্তার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে প্রকাশিত প্রতিবেদনের জেরে দায়ের করা মানহানির মামলায় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর সম্পাদক মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) গাজীপুরের গাছা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। পরে তাকে বগুড়ায় নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে দুই ইউনিয়নের নাম
মামলার অভিযোগে বলা হয়েছে, প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ভুয়া, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে।
এর আগে গত রোববার (১৫ জুন) বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরবর্তীতে শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ প্রদান করেন।
আরও পড়ুন: আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো উদ্বেগ নেই: ডিএমপি
মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসিনসহ বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার এবং বগুড়া প্রতিনিধি শামসকে আসামি করা হয়েছে।
মামলার আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচারের মাধ্যমে বাদীসহ স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করেছেন।





