মোহাম্মদপুরের অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ন, ২০ জুন ২০২৬ | আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন, ২২ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে অপরাধপ্রবণ হিসেবে পরিচিত এই এলাকাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে।

শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন: ৮১তম উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান

মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মোহাম্মদপুর বহু বছর ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। এলাকাটিকে দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বর্তমান সরকার দৃঢ়তা ও দ্রুততার সঙ্গে কাজ করছে। সরকারের বিভিন্ন পদক্ষেপ ইতোমধ্যে দৃশ্যমান ফল দিতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্টারপোলের সহযোগিতায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ফলে তাকে দুবাইয়ে আটক করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাসহ প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট দেশের সরকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।

পুলিশ বাহিনীর কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় জনমনে পুলিশের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকলেও বর্তমানে বাহিনীটি তাদের সক্ষমতা ও সক্রিয়তা পুনরুদ্ধার করেছে। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।