ডালিয়ান সফর শেষে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের ডালিয়ান সফর শেষে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) স্থানীয় সময় দুপুর ২টায় ডালিয়ান থেকে হাই-স্পিড (বুলেট) ট্রেনে যাত্রা শুরু করে বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিং পৌঁছান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে বুধবার সকালে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘সামার দাভোস’-এর ১৭তম বার্ষিক সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। ‘নিউ চ্যাম্পিয়নস’ শীর্ষক এ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
সম্মেলনে উপস্থিত ছিলেন গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা।
সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
আরও পড়ুন: র্যাবের এডিজি ও রংপুর কমিশনারসহ পুলিশের উর্ধ্বতন ১৭ কর্মকর্তার রদবদল
ডব্লিউইএফ আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি, নীতিনির্ধারক, ব্যবসায়ী নেতা ও বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন। সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, উদ্ভাবন, প্রযুক্তির ভবিষ্যৎ এবং টেকসই উন্নয়ন নিয়ে বিভিন্ন অধিবেশনে আলোচনা চলছে।
চীন সফরের পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী বেইজিংয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





