ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসায় ৫ লাখ টাকা সহায়তা
দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রোববার (৫ জুলাই) মতিঝিল সংলগ্ন যুব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক হৃদয়ের বাবা আবুল কাসেমের হাতে অনুদানের চেক তুলে দেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, হৃদয়ের চিকিৎসা ব্যয় বহনে সরকারের মানবিক উদ্যোগের অংশ হিসেবে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: নতুন পে-স্কেলের গেজেটে বিলম্ব, সেপ্টেম্বরে প্রকাশের সম্ভাবনা; বকেয়াসহ বেতন পাওয়ার আশা
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ক্যান্সারে আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে নিয়ে একটি ভিডিও প্রধানমন্ত্রীর নজরে আসার পরপরই তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় হৃদয়ের চিকিৎসায় সহযোগিতার উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকেও হৃদয়ের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। মেহেদী হাসান হৃদয় পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তার পাশে থাকবে বলেও আশ্বাস দেন প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি হৃদয়ের দ্রুত সুস্থতা কামনা করেন।
আরও পড়ুন: গ্রামই জাতীয় উন্নয়নের ভিত্তি, পল্লি উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর
অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, অসুস্থ ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, আজকের এই অনুদান শুধু আর্থিক সহায়তা নয়, বরং ক্রীড়াবিদদের প্রতি সরকারের দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও সংকটে থাকা ক্রীড়াবিদদের পাশে থাকার এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।





