টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, চরম দুর্ভোগে নগরবাসী
আষাঢ়ের শেষ সময়ে টানা ভারী বর্ষণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি ভোরের দিকে মুষলধারে রূপ নেয়। বিরতিহীন বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে হাঁটু থেকে কোথাও কোথাও কোমরসমান পানি জমে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ইসিবি চত্বর, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও-জাহাঙ্গীর গেট সড়ক, খামারবাড়ি-ফার্মগেট, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, কালশী, হাতিরঝিল, গুলশান লেকপাড়, কালাচাঁদপুর ও বারিধারা সংযোগ সড়কসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: ডিএফটি ও আইকাও অডিট সামনে রেখে জোর প্রস্তুতি বেবিচকের
সপ্তাহের প্রথম কর্মদিবসে বৃষ্টি উপেক্ষা করে কর্মস্থলে বের হওয়া মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। সড়কে পানি জমে যাওয়ায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে এবং অনেককেই নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে হিমশিম খেতে হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে সর্বশেষ ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার এবং গত ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মাসে সর্বোচ্চ। আজও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: কওমি মাদরাসা ইস্যুতে সরকারের সিদ্ধান্ত স্থগিতের আহ্বান
কারওয়ান বাজার থেকে গুলশানগামী আব্দুস সালাম বলেন, ভোর থেকেই ঝুম বৃষ্টি হচ্ছিল। পথে একাধিক এলাকায় সড়কে পানি জমে থাকায় যাতায়াতে বড় ধরনের সমস্যা হয়েছে।
বিজয় সরণি হয়ে হাতিরঝিলগামী সিএনজিচালক আনোয়ার হোসেন জানান, বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় কয়েকটি সিএনজির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। অনেক চালককে যানবাহন ঠেলে নিতে দেখা গেছে।
এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, রাতভর ভারী বৃষ্টির কারণে কাজীপাড়া মেট্রো স্টেশনের উভয় পাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নাগরিক দুর্ভোগ কমাতে সড়কে জমে থাকা পানি দ্রুত অপসারণে ডিএনসিসির কর্মীরা কাজ করছেন।





