ঢাকার উত্তর ও দক্ষিণে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
ঢাকার আমিনবাজার ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে বর্জ্য থেকে বিদ্যুৎ (Waste-to-Energy) উৎপাদনের দুটি প্রকল্প নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প দুটি বাস্তবায়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জানানো হয়, চীনের CMEC Group আমিনবাজারে একটি Waste-to-Energy (WTE) বিদ্যুৎকেন্দ্র নির্মাণে বিনিয়োগ করবে। প্রকল্পটির মাধ্যমে প্রতিদিন ঢাকা শহরের প্রায় ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ২০২৮ সালের আগস্টের মধ্যে প্রকল্পটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। প্রকল্পটির সম্ভাব্য উৎপাদনকাল ধরা হয়েছে ২৫ বছর।
আরও পড়ুন: ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার B&F Company ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে একটি সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে।
বৈঠকে জানানো হয়, এই প্রকল্প থেকে বছরে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদন করা হবে। এ গ্যাস থেকে বছরে প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা (MWh) সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা দৈনিক গড়ে প্রায় ২২১ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের সমতুল্য। এছাড়া প্রকল্পটি থেকে সৌরশক্তি, জৈব সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইকো ব্রিকস উৎপাদনের পরিকল্পনাও রয়েছে।
আরও পড়ুন: জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’ পালনের ঘোষণা
মাতুয়াইল প্রকল্পে প্রতিদিন ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টন বর্জ্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং বৈশ্বিক উষ্ণায়ন হ্রাসে ইতিবাচক ভূমিকা রাখবে।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্প দুটি এগিয়ে নিতে স্থানীয় সরকার, বিদ্যুৎ এবং পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দেন। একই সঙ্গে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প বাস্তবায়ন এবং আধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন।
বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





