প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
প্রাথমিক শিক্ষায় মেধা, সৃজনশীলতা ও সহশিক্ষা কার্যক্রমে কৃতিত্বের স্বীকৃতি দিতে আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি উপস্থিত হন।
আরও পড়ুন: চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে আজ চলবে এইচএসসি পরীক্ষা
সরকারের নির্বাচনি ইশতেহারের ১৭ ও ১৮ নম্বর অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে এসব প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
এবারের আয়োজনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ শেষে নির্বাচিত সেরা শিক্ষার্থীদের হাতে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দেওয়া হবে।
আরও পড়ুন: শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
অনুষ্ঠানে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়েও সম্মাননা প্রদান করা হচ্ছে। ব্যক্তি পর্যায়ে ১৫টি ক্যাটাগরিতে দেশের ১২ হাজার ৩৮৪ জন এবং প্রতিষ্ঠান পর্যায়ে দুটি ক্যাটাগরিতে ৬৫ হাজার ৫৪৬টি প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।





