বিশ্বদরবারে শক্তিশালী হবে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড: প্রধানমন্ত্রী
দেশে আন্তর্জাতিক মানের ডিজিটাল ডিভাইস উৎপাদন ও সংযোজন শিল্পকে উৎসাহিত করতে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে যুগোপযোগী শুল্ক সুবিধা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ উদ্যোগের মাধ্যমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে স্থানীয় শিল্পের বিকাশ ত্বরান্বিত হবে এবং বিশ্ববাজারে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে সুলতানা আহমেদের (মহিলা আসন-৩১৭) এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।
আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
প্রধানমন্ত্রী বলেন, ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, নোটবুক, নোটপ্যাড, ট্যাব, সার্ভার, প্রিন্টার, স্ক্যানার, রাউটার, নেটওয়ার্ক ডিভাইস, মনিটর, ডিজিটাল ওয়াচ এবং মোবাইল প্রযুক্তিপণ্য দেশে উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিশেষ শুল্ক সুবিধা দেওয়া হয়েছে। এর ফলে স্থানীয় উৎপাদন বাড়ার পাশাপাশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি জানান, ডিজিটাল ডিভাইস উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস শুল্ক, সম্পূরক শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।
আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
এছাড়া দেশে ডিজিটাল ডিভাইস সংযোজন (অ্যাসেম্বলিং) শিল্পে ব্যবহৃত কাঁচামাল আমদানির ক্ষেত্রে ৫ শতাংশের অতিরিক্ত কাস্টমস শুল্কসহ সম্পূরক শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং ভ্যাট মওকুফের সুবিধাও দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের এ সিদ্ধান্তের ফলে উন্নত প্রযুক্তির বিভিন্ন ডিজিটাল পণ্য তুলনামূলক কম দামে দেশের বাজারে পাওয়া যাবে। একই সঙ্গে শিক্ষা, স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, স্থানীয় প্রযুক্তি শিল্পের সক্ষমতা বৃদ্ধি এবং কর্মসংস্থান সম্প্রসারণের মাধ্যমে দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





