গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়। পরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি পাঠান। মঙ্গলবার মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন সেই চিঠি হস্তান্তর করেন। এতে বাংলাদেশের গ্যাসের চাহিদা ও সরবরাহের ব্যবধান কমাতে মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হয়।
তিনি বলেন, ফোনালাপে আনোয়ার ইব্রাহিম তার দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বাংলাদেশকে কীভাবে সহযোগিতা করা যায়, সে বিষয়ে দ্রুত জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মালয়েশিয়া তাৎক্ষণিক কোনো সমাধান দিতে পারে কি না, সেটিও তারা জানাবে। তাৎক্ষণিক সমাধান সম্ভব হলে তা কার্যকর করা হবে। আর তা সম্ভব না হলে অন্য কোনো উপায়ে সহযোগিতা করা যায় কি না, সে বিষয়েও আলোচনা চলছে।
তিনি আরও জানান, বাংলাদেশ আগে থেকেই মালয়েশিয়া থেকে এলএনজি আমদানির সম্ভাবনা নিয়ে কাজ করছে। এলএনজি সরবরাহের পাশাপাশি অভিজ্ঞতা, কারিগরি পরামর্শ কিংবা সম্পদ ভাগাভাগির মাধ্যমেও মালয়েশিয়া সহযোগিতা করতে পারে কি না, তা নিয়েও আলোচনা হয়েছে।





