সিলেটে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই দিনব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার ও শুক্রবার (৩০ ও ৩১ জুলাই) জেলার পাঁচটি উপজেলায় দলটির কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে।
দলীয় সূত্র ও প্রশাসন জানিয়েছে, এ দুই দিনে সিলেটের কানাইঘাট, ওসমানীনগর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় এনসিপির পদযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির কেন্দ্রীয় নেতারা। কর্মসূচির বড় অংশ সীমান্তবর্তী এলাকায় এবং কিছু কর্মসূচি সন্ধ্যার পর হওয়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: জাতিসংঘে সংস্কার ও আস্থা পুনর্গঠনের আহ্বান খলিলুর রহমানের
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিজিবি মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন জানান, নিরাপত্তা নিশ্চিতে বৃহস্পতিবার ও শুক্রবারের কর্মসূচিতে বিজিবি মোতায়েনের জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে।
সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার বলেন, ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করবেন। সীমান্তবর্তী এলাকা ও সান্ধ্যকালীন কর্মসূচি বিবেচনায় নিয়ে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ৮১তম উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান
এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক আইনজীবী আব্দুর রহমান আফজল জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা হবে। এরপর বিকেল ৩টায় কানাইঘাট এবং সন্ধ্যা ৭টায় ওসমানীনগরে পদযাত্রা অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল ৩টায় কোম্পানীগঞ্জ, বিকেল ৫টায় গোয়াইনঘাট এবং সন্ধ্যা ৭টায় জৈন্তাপুরে দলটির পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।





