আওয়ামী লীগের কর্মকাণ্ড ঘিরে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:১৫ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগস্ট মাসে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রাজধানীতে সম্প্রতি বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

আগস্ট মাসজুড়ে সারা দেশে পুলিশকে বিশেষ সতর্কতায় রাখা হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।

রাজধানীর বিভিন্ন স্থানে সম্প্রতি বোমা সদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে তিনি বলেন, এসব ঘটনায় পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে। শনিবার মিরপুর-১০ মেট্রো স্টেশনে সন্দেহজনক একটি বস্তা উদ্ধারের ঘটনায় বিস্ফোরক জাতীয় কোনো বস্তু পাওয়া যায়নি।

আরও পড়ুন: ন্যাম ফ্ল্যাটে বহিষ্কৃত জামায়াত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর রহস্যজনক মৃত্যু

তবে প্রতিটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সবসময় সতর্ক অবস্থানে রয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটও ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে, যাতে সম্ভাব্য নাশকতার যেকোনো পরিকল্পনা দ্রুত মোকাবিলা করা যায়।

এর আগে শনিবার পুলিশ সদর দপ্তর থেকে দেশের বিভিন্ন স্থানে পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে—এমন আশঙ্কার প্রেক্ষিতে একটি সতর্কবার্তা জারি করা হয়। জরুরি ওই বার্তায় মাঠপর্যায়ের সব ইউনিটকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।