জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:২৪ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যথাযোগ্য মর্যাদায় আজ বুধবার (৫ আগস্ট) পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সরকার। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। একই সঙ্গে দেশের ৬৪ জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

এর আগে সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়, দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সংবাদপত্রে বিশেষ নিবন্ধ, সাহিত্য-সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশের পাশাপাশি দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। এসব কর্মসূচির সিদ্ধান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় গৃহীত হয়।

আরও পড়ুন: ভিসার নামে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান ভারতীয় হাইকমিশনের

দিবসের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকাল ৯টায় ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেন।

এছাড়া সকাল ১১টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

আরও পড়ুন: বাংলাদেশ আর কখনও নির্ভরশীল রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী

এদিকে দেশের সব জেলায় জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হবে।

ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশনের মিনিপোলে জুলাই আন্দোলনের দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। পাশাপাশি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টেলিভিশন, এফএম ও কমিউনিটি রেডিওতে দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ও আলোচনা প্রচার করা হবে।

দিবসটি উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতেও আলোচনা সভার আয়োজন করা হবে।

একই দিনে দেশের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বাদ জোহর অথবা সুবিধাজনক সময়ে বিশেষ দোয়া, মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।

এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপ জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন পতাকায় সজ্জিত করা হবে। জুলাই স্মৃতিস্তম্ভগুলোতে থাকবে আলোকসজ্জা। দিবসটি উপলক্ষে স্মারক ডাকটিকিটও প্রকাশ করা হবে।

সরকারি ও বেসরকারি স্বায়ত্তশাসিত জাদুঘরগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য বিনা টিকিটে উন্মুক্ত থাকবে। একই সঙ্গে দেশের সরকারি ও বেসরকারি বিনোদনকেন্দ্রগুলো শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হবে।

এ ছাড়া দিবসটি উপলক্ষে দেশের সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র, ডে-কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্রসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।