প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:০৮ পূর্বাহ্ন, ১০ অগাস্ট ২০২৬ | আপডেট: ৮:০৬ অপরাহ্ন, ১১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার (১০ আগস্ট) প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকাল ১১টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকের বিষয়টি জানান পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন: দুর্গাপূজা উদযাপনে দেশব্যাপী সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থ এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হতে পারে। বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফ করার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রীর।

ঢাকা-দিল্লি সম্পর্কে দীর্ঘদিন ধরে বেশ কিছু অমীমাংসিত ও সংবেদনশীল ইস্যু রয়েছে। এর মধ্যে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড, সীমান্তে বাংলাদেশি নিহতের ঘটনা, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা এবং পুশ-ইনের মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই: দীনেশ ত্রিবেদী

এ ছাড়া দুই দেশের বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ ও আঞ্চলিক সহযোগিতার বিষয়ও বৈঠকে আলোচনায় আসতে পারে।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের এটাই প্রথম সৌজন্য সাক্ষাৎ। ফলে বৈঠকটি দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথের দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।