প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয়

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ৩:৫৯ অপরাহ্ন, ১৬ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের আগে অনুকূল ও সহায়ক পরিবেশ তৈরির জন্য দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। একই সঙ্গে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তদের বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়েও ভারতের প্রতি তাগিদ দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এসব তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম।

আরও পড়ুন: যেকোনো সময় ঘোষণা হতে পারে নবম পে স্কেল: মুখ্য সচিব

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে শহীদুল করিম বলেন, সফরের আগে একটি অনুকূল পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ভারতের কাছে স্পষ্ট করা হয়েছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা এ বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা মনে করি, এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।’

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরি: সহকারী পরিচালকের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার

শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য দিল্লির কাছে অনুরোধ জানানো হয়েছে।

একই চুক্তির আওতায় শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদেরও বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ করেছে ঢাকা। হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন ও অভিযুক্তদের হস্তান্তরের বিষয়টি ভারতকে জানানো হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।