১৮০ দিনে সরকারের অর্জন-পরিকল্পনা তুলে ধরলেন মাহদী আমিন
গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে সোমবার আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি গত ছয় মাসের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন। দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। মাহদী আমিন বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হয়েছে এবং ১৭ ফেব্রুয়ারি সরকার শপথ নেয়। দায়িত্ব গ্রহণের পর গত ১৮০ দিনে জনগণের প্রতি সরকারের জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতার প্রতিফলন ঘটেছে বলেও দাবি করেন তিনি।
সরকারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, নির্বাচনী ইশতেহারের পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’, বিএনপির ২৭ দফা এবং যুগপৎ আন্দোলনের ৩১ দফার আলোকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে রিট খারিজ
তিনি জানান, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১৩ লাখ কৃষক পরিবারের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা এবং দেশজুড়ে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিও পুনরুজ্জীবিত করা হয়েছে বলে জানান তিনি।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রমজান ও ঈদকে কেন্দ্র করে কৃত্রিম সিন্ডিকেট নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন মাহদী আমিন। শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করার পাশাপাশি অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া পাওনা পরিশোধে সম্প্রতি ২ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, প্রাণহানি বেড়ে ৯১৮
শিক্ষা খাতে পাঠ্যক্রমে নতুন বিষয় যুক্ত করা, মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল ও ফ্রি ওয়াই-ফাই চালুর উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। শিক্ষার্থীদের সংসদে উপস্থিতির সুযোগ, ক্রীড়া ও উদ্ভাবনী প্রতিযোগিতার আয়োজনের কথাও উল্লেখ করেন।
অবকাঠামো ও নগর ব্যবস্থাপনায় ঢাকায় ২০০টি ইলেকট্রিক বাস এবং এআইভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর মুখপাত্র।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মাহদী আমিন বলেন, রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আলোচিত বিভিন্ন মামলার অগ্রগতি হয়েছে এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে জানান মাহদী আমিন। পররাষ্ট্রনীতিতে ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ভিত্তিতে মর্যাদাপূর্ণ ও ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখার কথাও তুলে ধরেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন স্বাগত বক্তব্য দেন। সভায় সরকারের বিভিন্ন উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।





