নতুন এসবি প্রধান হলেন কামরুল আহসান

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:৪৩ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পুলিশ সদর দপ্তরের ডিআইজি ও অতিরিক্ত আইজিপি পদে সদ্য পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসান বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। একই সঙ্গে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার আরও পাঁচ কর্মকর্তাকে বিভিন্ন পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদলের কথা জানানো হয়।

আরও পড়ুন: ‘শেখ হাসিনা দেশে ফিরলে কিছু হবে না’ বলা সেই ওসি প্রত্যাহারের পর সংযুক্ত

প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া মো. কামরুল আহসানকে এসবি প্রধান করা হয়েছে। সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের প্রধান এবং খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, এসবির বর্তমান প্রধান সরদার নুরুল আমিনকে পুলিশ সদর দপ্তরে এবং ট্যুরিস্ট পুলিশের প্রধান মাইনুল হাসানকে সারদার প্রিন্সিপাল হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া সম্প্রতি অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা ও খুলনা রেঞ্জে ডিআইজিসহ পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি

কামরুল আহসান এর আগে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) পদে ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন এবং পরে দক্ষিণ-পূর্ব বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯১ সালে ১২তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেন।