সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:৫৬ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর বিকেলে অধিবেশনে বাংলায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্র সচিব জানান, জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক নবযাত্রা, আইনের শাসন ও জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, আধুনিক প্রযুক্তির ন্যায়সঙ্গত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়ে কথা বলবেন।

আরও পড়ুন: DfT অডিটে বাংলাদেশের বিমানবন্দর নিরাপত্তায় অগ্রগতি

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ৩৫ সদস্যের প্রতিনিধিদল থাকছে। তাঁদের মধ্যে রয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

এ ছাড়া দুই রাজনৈতিক দলের নেতাও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্ক যাচ্ছেন। তাঁরা হলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব গোলাম মহিউদ্দিন।

আরও পড়ুন: বাসার কাছেই চিরশায়িত অপ্রতিম

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, কার্যকরভাবে সফর সম্পন্ন করতে যতদিন সময় প্রয়োজন, প্রধানমন্ত্রী ততদিন নিউইয়র্কে থাকবেন। সফরকালে তিনি বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, সুশাসন প্রতিষ্ঠা ও রোহিঙ্গা সংকটের সমাধানসহ বিভিন্ন বিষয়ে মোট পাঁচটি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া বাংলাদেশ দুটি সাইডলাইন ইভেন্ট আয়োজন করেছে।

পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবার প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। একই অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সভাপতির দায়িত্ব পালন করবেন। তাঁর ভাষ্য অনুযায়ী, একই সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রথমবারের মতো সাধারণ পরিষদে দেশের প্রতিনিধিত্ব করা এবং পররাষ্ট্রমন্ত্রীর অধিবেশনে সভাপতিত্ব করা দেশের জন্য একটি বিরল ঘটনা।

পররাষ্ট্র সচিব আরও বলেন, বর্তমান সরকারের জন্য জাতিসংঘের সর্বোচ্চ বৈশ্বিক মঞ্চে এটিই প্রথম অংশগ্রহণ। এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরার সুযোগ তৈরি হবে।

নিউইয়র্কে প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। সফর শেষে আগামী ২৫ সেপ্টেম্বর রাতে তাঁর দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।