শাজাহানপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত পথচারী নিহত

Shahrier Islam Pallab
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ১:০২ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:১৫ অপরাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

​বগুড়া শাজাহানপুর উপজেলার বেতগাড়ি বাইপাস মোড় এলাকায় এক দ্রুতগামী নৈশকোচের ধাক্কায় আনুমানিক ৪৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের এই সংযোগস্থলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে ওই ব্যক্তি বেতগাড়ি বাইপাস মোড়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি বেপরোয়া গতির বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে স্থান ত্যাগ করে। বাসের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় ও শরীরে মারাত্মক আঘাত পান। দুর্ঘটনার পরপরই স্থানীয় পথচারী ও ব্যবসায়ীরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।

আরও পড়ুন: জাতিসংঘ নিখুঁত নয়, তবে এর বিকল্প অকল্পনীয় : খলিলুর রহমান

​পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, দুর্ঘটনাকবলিত বাসটি শনাক্তসহ চালক ও হেলপারকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। একই সাথে নিহতের নাম-পরিচয় উদ্ধারের লক্ষ্যে সিআইডি ও পিবিআই-এর মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু বা সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৮