রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৪৩ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাড্ডা ক্লিনিক ভাঙচুরের ঘটনায় স্থানীয় সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

আরও পড়ুন: প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাড্ডা ক্লিনিকে হামলা ও ভাঙচুরের ঘটনায় একজন সংসদ সদস্যের নাম এসেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্তে কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সারাদেশে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের তালিকা হালনাগাদ করছে পুলিশ। অপরাধীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

আরও পড়ুন: বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু

তবে ঢালাওভাবে বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজ হিসেবে আখ্যায়িত করার বিষয়ে সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের অভিযোগের সঠিক বিচার জনগণই করবে।

সরকারের আট মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩৮ জন বিশিষ্ট নাগরিকের উদ্বেগের বিষয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জমি দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তাদের রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না।

এদিকে, গত ২৫ সেপ্টেম্বর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মামলার পর পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং লুট হওয়া মালামাল উদ্ধারের তথ্যও জানিয়েছে।

ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়েও তদন্ত চলছে। তদন্তে পুলিশের গাফিলতির প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।