বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগ, মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও জমজমের পানি পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি তৈরির ঘটনায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে। সরকারি কাজে বাধা, মারধর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দর থানায় মামলাটি করা হয়।
বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি করেন। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা হয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন: বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মামলার এজাহার অনুযায়ী, বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৮ ফ্লাইটের যাত্রীদের লাগেজ ও জমজমের পানি পেতে দেরি হয়। এতে যাত্রীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে গেলে আখতারুজ্জামানের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
আরও পড়ুন: বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমন রিমান্ডে
এজাহারে আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দরের নির্বাহী পরিচালককে গালাগাল, ঘাড় ধরে বের করে দেওয়ার হুমকি এবং মারধরের হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। এ ছাড়া বিমানমন্ত্রীকে নিয়েও তিনি অশালীন মন্তব্য করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করছিলেন। নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এতে বাধা দিলে তাকে গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও আনা হয়েছে।
এর আগে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে আখতারুজ্জামানকে বিমানবন্দরের নির্বাহী পরিচালককে উদ্দেশ করে ক্ষোভ প্রকাশ করতে এবং ঘাড় ধরে বের করে দেওয়ার হুমকি দিতে দেখা যায়। আখতারুজ্জামান বিমানবন্দরের লাগেজ ও ট্রলি ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
বিমান কর্তৃপক্ষের প্রাথমিক অনুসন্ধানে মদিনা থেকে আসা ফ্লাইটের জমজমের পানির কনটেইনার সময়মতো ব্যাগেজ বেল্টে পৌঁছাতে দেরির পেছনে কনটেইনার অফলোডিং ও পরিচালনাগত গাফিলতির কথা উঠে এসেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্তাধীন। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আখতারুজ্জামান এর আগে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ২০২৬ সালে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার খবর প্রকাশিত হয়েছে।





