মন্ত্রীকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শন, দায়িত্ব হারালেন এপিএস

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৪ পূর্বাহ্ন, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ৫:০৩ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

খাদ্যমন্ত্রী আফরোজা খানমকে অবহিত না করে সরকারি সফরসূচি তৈরি করে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ার ঘটনায় সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবদুল আওয়াল বুলবুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সফরের কর্মসূচি তৈরিতে সহযোগিতার অভিযোগে মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. রফিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। প্রথম আলোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, গত ১১ অক্টোবর টাঙ্গাইলের নাগরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও খাদ্যগুদাম পরিদর্শনে যান আবদুল আওয়াল। এ সফরের জন্য ৮ অক্টোবর রফিকুল ইসলামের স্বাক্ষরে সরকারি কর্মসূচির একটি নোটিশ জারি করা হয়েছিল।

আরও পড়ুন: ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য : বিশ্বব্যাংক-আইএমএফ

নোটিশে ঢাকার মোহাম্মদপুরে এপিএসের বাসা থেকে যাত্রা শুরু এবং পরিদর্শন শেষে সেখানে ফিরে আসা পর্যন্ত সফরের বিবরণ উল্লেখ ছিল। সফরের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে নোটিশের অনুলিপি খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়। এ ছাড়া জ্বালানির ব্যবস্থা করতে খাদ্য অধিদপ্তরের পরিবহন পুলের পরিচালককেও অনুলিপি দেওয়া হয়েছিল। সফরে কয়েকজন সরকারি কর্মকর্তাও অংশ নেন বলে জানা গেছে।

মন্ত্রণালয় সূত্র জানায়, এপিএসের এই সফর সম্পর্কে খাদ্যমন্ত্রী আগে থেকে অবগত ছিলেন না। বিষয়টি জানার পর তিনি অসন্তোষ প্রকাশ করেন। সফরের পরদিন আবদুল আওয়ালকে নিজের কক্ষে ডেকে অফিস ছেড়ে যেতে বলেন মন্ত্রী। পরে তাঁকে মৌখিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

আরও পড়ুন: শারদীয় দুর্গাপূজা ঘিরে গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত

মন্ত্রণালয় সূত্রের দাবি, খাদ্যমন্ত্রীর এপিএস হিসেবে এ ধরনের কর্মসূচি পালনের সুযোগ নেই। এ বিষয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম বলেন, তাঁকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শনে যাওয়ায় আবদুল আওয়ালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।