রাজশাহীতে বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা, ট্রান্সফরমারে আগুন
রাজশাহীর খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রে টানা দুই রাত হামলার ঘটনা ঘটেছে। প্রথম রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করেও আগুন ধরাতে ব্যর্থ হয় দুর্বৃত্তরা। তবে পরের রাতে আরও সংঘবদ্ধভাবে ফিরে এসে পেট্রোল বোমার পাশাপাশি আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায় তারা। এতে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়।
বৃহস্পতিবার ও শুক্রবার রাতে এসব হামলার ঘটনা ঘটে। দ্বিতীয় রাতে হামলাকারীরা তিন রাউন্ড গুলি ছোড়ে। পরপর দুই দিনের ঘটনায় উপকেন্দ্রে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: কুলাউড়ায় মুহিবুর রহমান মজুমদারের ইন্তেকাল
সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে উপকেন্দ্র লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। তবে সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনো অগ্নিকাণ্ড ঘটেনি। এ ঘটনায় থানায় এজাহার দেওয়ার পাশাপাশি উপকেন্দ্রের নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হয়।
এরপরও শুক্রবার রাত ২টার দিকে ৮ থেকে ১০ জনের একটি দল আবারও উপকেন্দ্রে হামলা চালায়। এ সময় তারা ট্রান্সফরমার লক্ষ্য করে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলি ছোড়ে। একটি পেট্রোল বোমার বিস্ফোরণে ট্রান্সফরমারে আগুন ধরে যায়। এ ছাড়া ট্রান্সফরমারের পাশে আরও দুটি পেট্রোল বোমা ও একটি ককটেল বিস্ফোরিত হয়। চারটি পেট্রোল বোমা অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হামলার পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
আরও পড়ুন: সাভার-আশুলিয়ায় কাজে ফিরছেন শ্রমিকরা
খবর পেয়ে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মতিহার থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে। এদিকে উপকেন্দ্রের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কিছু সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়।
নাম প্রকাশ না করার শর্তে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির নওহাটা সদর দপ্তরের এক কর্মচারী জানান, পরপর দুই রাত হামলার ঘটনায় কর্মীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। উপকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকলেও হামলাকারীদের মুখ ঢাকা ছিল। তারা পিস্তল দিয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ার পাশাপাশি পেট্রোল বোমা দিয়ে আগুন লাগানোর চেষ্টা করে। পরে কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভান।
তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। কর্মীরা নিজেদের নিরাপদ মনে করছেন না। এভাবে কাজ চালিয়ে গেলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের ডিজিএম (সদর-কারিগরি) সপ্তর্ষি পাল জানান, প্রথম রাতের হামলার পর থানায় এজাহার দেওয়া হয়েছিল। পাশাপাশি নিরাপত্তাকর্মীর সংখ্যাও বাড়ানো হয়। প্রথম রাতে দুজন দায়িত্ব পালন করলেও পরের রাতে চারজনকে পাহারায় রাখা হয়েছিল। এরপরও হামলা ঠেকানো সম্ভব হয়নি।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, প্রথম রাতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হলেও আগুন লাগেনি। দ্বিতীয় রাতের ঘটনায় একটি পেট্রোল বোমা বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। এতে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও পরে আগুন নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এ ঘটনায় মামলা করা হবে।





