কারাগারে বন্দী যুব মহিলা লীগ নেত্রীর প্রতিবন্ধী ছেলের মৃত্যু, কারাফটকে শেষ দেখা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০২ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:৫৭ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী শারমিন সুলতানা শর্মীর প্রতিবন্ধী ছেলে মারা গেছে। ছেলের মৃত্যুর পর প্যারোলে মুক্তি না পাওয়ায় কারাগারের বাইরে যেতে পারেননি তিনি। পরে শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে নিয়ে মাকে শেষবারের মতো সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়।

মারা যাওয়া কিশোরের নাম নিস্বর্গ হোসেন তূর্য। তার বয়স ১৫ বছর। শুক্রবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলেটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে।

আরও পড়ুন: দায়িত্ব পালনকালে আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু দুপুরে গণমাধ্যমকে জানান, শনিবার দুপুর ১২টার দিকে কারাফটকে তার স্ত্রীকে মৃত সন্তানের মুখ শেষবারের মতো দেখানো হয়েছে।

এর আগে বেলা ১১টার দিকে তিনি জানিয়েছিলেন, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয় বলে কারা কর্তৃপক্ষ তাকে জানিয়েছে।

আরও পড়ুন: আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এ বিষয়ে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম বলেন, তাদের প্রতিবন্ধী সন্তান মারা যাওয়ার পর শেষবারের মতো লাশ দেখানোর জন্য আবেদন করা হয়েছিল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বিধি অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করে মানবিক বিবেচনায় কারাফটকে মায়ের সঙ্গে সন্তানের শেষ দেখা করার ব্যবস্থা করা হয়।

এদিকে নিস্বর্গের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শারমিন সুলতানার আগের একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে ছেলের অসুস্থতা ও নিজের মুক্তির বিষয়ে কথা বলতে শোনা যায় তাকে। ভিডিওতে তিনি বলেন, তার প্রতিবন্ধী সন্তান অসুস্থ এবং সারা রাত তাকে ওষুধ দিতে হয়। মা-বাবা ছাড়া সন্তানকে দেখাশোনা করার কেউ নেই বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি তাকে বাসা থেকে মব করে তুলে আনা হয়েছে বলে দাবি করেন।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে শারমিন সুলতানাকে গ্রেপ্তার করে লালবাগ থানা-পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, শারমিন সুলতানা নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।